মঙ্গলবার ৩০ জুন ২০২৬ - ১০:২১
বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধির সঙ্গে ওয়াইজম্যান পাবলিকেশন্সের পরিচালকদের সাক্ষাৎ

বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. সাইয়্যেদ মাহদী আলিজাদেহ মুসাভী তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলসহ ওয়াইজম্যান পাবলিকেশন্সের পরিচালকদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

হাওজা নিউজ এজেন্সি: সাক্ষাতে প্রকাশনা, অনুবাদ, মুদ্রণ এবং বাংলাদেশে ইসলামী ও শিয়া গ্রন্থসমূহের প্রকাশ ও বিতরণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এ দেশের শিয়া সমাজের শিক্ষা ও সাংস্কৃতিক প্রয়োজন, বিশেষত প্রামাণ্য শিয়া উৎস, আকিদা-বিষয়ক গ্রন্থ, শিক্ষামূলক ও জ্ঞানমূলক বইয়ের প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

এছাড়া, গুরুত্বপূর্ণ শিয়া গ্রন্থসমূহের মুদ্রণ ও প্রকাশনার বিষয় আলোচনায় গুরুত্ব পায়। এর মধ্যে ছিল হাদিস ও মারেফতবিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ, শিয়াদের কুতুবে আরবাআ (চারটি প্রধান হাদিসগ্রন্থ), আহলে বাইত (আ.)-এর শিক্ষা ও জ্ঞানভিত্তিক রচনা, এবং ইরানের সর্বোচ্চ নেতার রচনা ও বক্তব্যসমূহ বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশের উদ্যোগ।

বৈঠকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. সাইয়্যেদ মাহদী আলিজাদেহ মুসাভী প্রামাণ্য ও নির্ভরযোগ্য ধর্মীয় বিষয়বস্তু উৎপাদন ও বিতরণের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, বই প্রকাশ ধর্মীয় পরিচয় সুদৃঢ় করা, শিয়া সমাজের সচেতনতা বৃদ্ধি এবং আহলে বাইত (আ.)-এর জ্ঞান ও শিক্ষার প্রসারে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

অন্যদিকে, ওয়াইজম্যান পাবলিকেশন্সের পরিচালকরাও যৌথ সহযোগিতার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের প্রয়োজনীয় গ্রন্থসমূহের মুদ্রণ, অনুবাদ ও বিতরণের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আগ্রহ ও প্রস্তুতির কথা জানান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha